ডেইলি বাংলাগ্রাম

ইউক্রেন যুদ্ধ থেকে সামরিক রসদ ও সেনা মোতায়েনের অভিজ্ঞতা পাচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন কমান্ডার

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে জড়িয়ে পড়ে উত্তর কোরিয়া দূরপাল্লার সেনা মোতায়েন এবং সামরিক রসদ সরবরাহের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে।

ইউক্রেন যুদ্ধ থেকে সামরিক রসদ ও সেনা মোতায়েনের অভিজ্ঞতা পাচ্ছে উত্তর কোরিয়া: মার্কিন কমান্ডার

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে জড়িয়ে পড়ে উত্তর কোরিয়া দূরপাল্লার সেনা মোতায়েন এবং সামরিক রসদ সরবরাহের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করছে। মঙ্গলবার ওয়াশিংটনে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ আয়োজিত এক আলোচনায় এই মন্তব্য করেন মার্কিন ফোর্সেস কোরিয়ার কমান্ডার জেনারেল জেভিয়ার ব্রুনসন। তিনি জানান, মস্কোকে সমর্থনের মধ্য দিয়ে পিয়ংইয়ং নিজেদের সামগ্রিক সামরিক পরিচালনা সক্ষমতা আরও জোরদার করেছে।

জেনারেল ব্রুনসন বলেন, উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম স্থানান্তর এবং সরবরাহ শৃঙ্খল তৈরির কৌশল শিখছে দেশটির বাহিনী। কেবল যুদ্ধক্ষেত্রের কৌশল নয়, বরং দীর্ঘ দূরত্বের রসদ সরবরাহ ও সম্পদ ব্যবহারের এই অভিজ্ঞতা উত্তর কোরিয়াকে সামরিকভাবে আরও দক্ষ করে তুলছে। এর ফলে পিয়ংইয়ংকে নিবৃত্ত করার ক্ষেত্রে ওয়াশিংটন ও সিউলের প্রচেষ্টা জটিল হয়ে উঠতে পারে বলে তিনি সতর্ক করেন। এছাড়া এই সহায়তার বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামারসহ আধুনিক সামরিক সরঞ্জাম দিয়েছে বলেও তিনি জানান।

দক্ষিণ কোরিয়ার কাছে যুদ্ধকালীন সামরিক নিয়ন্ত্রণ হস্তান্তরের বিষয়ে ব্রুনসন শর্তভিত্তিক প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেন এবং প্রয়োজনীয় সামরিক শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি মার্কিন সরঞ্জাম মেরামতের জন্য সিউলের প্রতিরক্ষা শিল্পের সঙ্গে সহযোগিতা বাড়ানোরও প্রস্তাব করেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের পর থেকেই মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক অংশীদারিত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পায়।