নিউগিনি প্রপার্টিজে হামলা মামলার প্রধান আসামি শাহরিয়ারের জামিন
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন।
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। বয়স ও শারীরিক অসুস্থতার যুক্তি দেখিয়ে তাঁর আইনজীবী জামিন প্রার্থনা করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি নিয়ে ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। তিন দিনের রিমান্ড শেষে ৭ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদির ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের প্রকল্পে প্রায় ৫০ জন ব্যক্তি অনধিকার প্রবেশ করে হামলা চালায়। তারা প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। হামলায় সাইট প্রকৌশলী মো. পারভেজসহ কয়েকজন আহত হন। সেখান থেকে নগদ টাকা, ল্যাপটপ, কম্পিউটার, ক্যামেরা ও তারসহ বিপুল সামগ্রী লুট করা হয়। পাশাপাশি গাড়ি এবং কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতে ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি এবং ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট হয়েছে বলে উল্লেখ করা হয়।
ঘটনার পর প্রতিষ্ঠানের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার দিন পুলিশ পৌঁছালে তাদের লক্ষ্য করেও গুলি চালানো হয়েছিল। তখন আত্মরক্ষায় পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে এবং ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে। এ মামলায় এ পর্যন্ত মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।