নেপালে বন্যা ও ভূমিধসে ৯ বাংলাদেশিসহ বহু পর্যটক আটকা
নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে শতাধিক বিদেশি পর্যটকের সঙ্গে ৯ জন বাংলাদেশি আটকা পড়েছেন।
নেপালের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে শতাধিক বিদেশি পর্যটকের সঙ্গে ৯ জন বাংলাদেশি আটকা পড়েছেন। গোর্খা জেলার জগৎ গ্রামে তারা হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের অপেক্ষায় আছেন। এলাকাটিতে বিদ্যুৎ নেই এবং বাইরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে সেখানে আটকে পড়া মানুষদের খাবারের মজুতও দ্রুত ফুরিয়ে আসছে।
গত রোববার ভোরে কাঠমান্ডুর পশ্চিমে গোর্খা জেলায় একটি পাহাড়ি ধসে বুড়ি গণ্ডকী নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে নদীর অববাহিকায় তীব্র বন্যা দেখা দেয়। পাহাড়ি ঢলে দুই শতাধিক ঘরবাড়ি ভেসে গেছে এবং তিনটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বিখ্যাত মানাসলু ট্রেকিং রুটের সেতু ও হাঁটার পথ ভেঙে পড়ায় পর্যটকদের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
এই দুর্যোগে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় পাঁচজন বাসিন্দার সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। সেনাবাহিনী সেখানে উদ্ধারকাজ পরিচালনা করছে। সোমবার ১২ জন বিদেশিসহ মোট ৩২১ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং মঙ্গলবারও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে নদীর তীরবর্তী কয়েকটি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।