দুই দশকের নিপীড়ন ও মানুষের ঘুরে দাঁড়ানোর শক্তি প্রকাশ পেয়েছে জুলাই জাদুঘরে: ইইউ কমিশনার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভ্যন্তরীণ বিষয় ও অভিবাসনবিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন। গতকাল সোমবার জাদুঘরটি দেখে তিনি মন্তব্য করেন, বিগত দুই দশকে বাংলাদেশের মানুষ যে তীব্র কষ্ট সহ্য করেছে, তা এখানে এলে বোঝা যায়। একই সঙ্গে মানুষের অবিশ্বাস্য শক্তিতে ঘুরে দাঁড়ানোর প্রমাণও মেলে। তিনি জানান, দেশের মানুষের ওপর হওয়া নির্মম নিপীড়ন অবিশ্বাস্য এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার উদ্যোগে ইইউ সবসময় বাংলাদেশের পাশে থাকবে।
পরিদর্শনের সময় ম্যাগনাস ব্রুনারের সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রতিনিধিদলটি শুরুতেই স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ঘুরে দেখে। এরপর তারা ৫ আগস্ট পুলিশের গুলিতে প্রাণ হারানো শহীদ আনাসের চিঠি এবং অভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকা পর্যবেক্ষণ করে। এছাড়া শেখ হাসিনার ১৬ বছরের শাসনের নানা ঘটনা এবং বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের ওপর আওয়ামী লীগ সরকারের চালানো নির্যাতনের নানা চিত্রও ঘুরে দেখেন তাঁরা।
পরিদর্শন শেষে ইইউ প্রতিনিধিদল জাদুঘরের মহাপরিচালক এহ্সান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে। দেশের সাম্প্রতিক ইতিহাসের এমন গুরুত্বপূর্ণ দিকগুলো সবার সামনে তুলে ধরার জন্য জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ম্যাগনাস ব্রুনার।