ডেইলি বাংলাগ্রাম

তিস্তা প্রকল্পে ডাচ কারিগরি সহায়তার প্রস্তাব, ইতিবাচক সাড়া বাংলাদেশের

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস।

তিস্তা প্রকল্পে ডাচ কারিগরি সহায়তার প্রস্তাব, ইতিবাচক সাড়া বাংলাদেশের

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। বাংলাদেশ সরকার তাদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। সে সময় ডাচ সরকারের পক্ষ থেকে এ আগ্রহ তুলে ধরা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বাণিজ্য বিস্তার, পানিসম্পদ ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা হয়। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশই বদ্বীপ হওয়ায় একে অপরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অভিন্ন সংকট মোকাবিলা করা সম্ভব। তিনি ডাচদের ভূমি পুনরুদ্ধারের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহ জানান। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে কূটনৈতিক তৎপরতা জোরদারের বিষয়টিও আলোচনায় স্থান পায়।

বৈঠকে মানবাধিকার সুরক্ষা ও গণতন্ত্র শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। সাক্ষাতের শেষ ভাগে তিনি ডাচ মন্ত্রী শুর্দ শুর্দসমার কাছ থেকে নেদারল্যান্ডস সফরের আমন্ত্রণ পান। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমীন এবং নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইওরিস ভ্যান বোমেল উপস্থিত ছিলেন।