আখাউড়ায় মন্দিরের অলংকার ও প্রতিমা উদ্ধার, গ্রেপ্তার ২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া সোনা ও রুপার গয়না উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একটি ভাঙারির দোকান থেকে চারটি পিতলের প্রতিমা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া পৌর এলাকার বড় বাজারের জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) এবং মালদারপাড়ার আকাশ মালদার ওরফে হাসিব (২৮)। সিসিটিভি ফুটেজ দেখে সোমবার দিবাগত রাতে তাঁদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। পরে জারুর বাড়ি থেকে সোনার দুল ও রুপার অলংকার জব্দ করা হয়। তাঁদের তথ্যের ভিত্তিতে মসজিদপাড়ার বাসিন্দা তাজুল ইসলামের ভাঙারির দোকান থেকে প্রতিমা ও পূজার বিভিন্ন সামগ্রী উদ্ধার করে পুলিশ। তবে তাজুল ইসলাম পলাতক রয়েছেন।
গত রোববার দিবাগত রাতে মন্দিরের গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। সেখান থেকে দুই থেকে আড়াই লাখ টাকা মূল্যের সোনা-রুপার গয়না, প্রতিমা এবং প্রণামি বাক্সের ১৫ থেকে ২০ হাজার টাকা নিয়ে যায় তারা। পরদিন সকালে মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী চুরির বিষয়টি দেখতে পান। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় আখাউড়া থানায় মামলা হলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে।