সৌদিতে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াতে আলোচনা চলছে: নুরুল হক নুর
সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনা চালানো হচ্ছে।
সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের ভিসার মেয়াদ বাড়াতে দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনা চালানো হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রামরুর একটি উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিষয়টি কিছুটা জটিল হলেও আলোচনার মাধ্যমেই সমাধানের পথ খোঁজা হচ্ছে।
গত রবিবার রিয়াদে বিমান হামলায় কয়েকজন বাংলাদেশি হতাহত হওয়ার ঘটনায় দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, সৌদি সরকার আহতদের চিকিৎসা ও মরদেহ দেশে পাঠাতে আন্তরিকভাবে সহযোগিতা করছে। ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তার বিষয়ে তিনি বলেন, কোম্পানির ক্ষতিপূরণের পাশাপাশি বিএমইটিতে নিবন্ধিত কোনো কর্মী মারা গেলে সরকারিভাবে তার পরিবারকে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা সহায়তা দেওয়া হয়।
প্রতিমন্ত্রী আরও জানান, দেশের মোট অভিবাসী শ্রমিকের প্রায় ৭৫ শতাংশ যান মধ্যপ্রাচ্যে, যার অর্ধেকের বেশি কর্মী সৌদি আরবে থাকেন। যুদ্ধ থামলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর পুনর্গঠনকাজে বাংলাদেশি কর্মীরা সুযোগ পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া দেশে ফেরত আসা কর্মীদের পুনর্বাসন এবং মালয়েশিয়াসহ অন্যান্য দেশে সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে কর্মী পাঠানোর ক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দেওয়া হবে।