ডেইলি বাংলাগ্রাম

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জনের আহ্বান প্রতিমন্ত্রীর

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে ডিম রপ্তানির সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জনের আহ্বান প্রতিমন্ত্রীর

দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে ডিম রপ্তানির সক্ষমতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মঙ্গলবার রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ এ বছর প্রথমবারের মতো নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করেছে। পণ্যের গুণগত মান নিশ্চিত ও উৎপাদন ব্যয় কমানোর মাধ্যমে পোলট্রি খাতের প্রসারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন তিনি।

খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পোলট্রি ফিডের দাম সহনীয় রাখা এবং ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। খামারিদের খরচ কমাতে সৌরবিদ্যুৎ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সরকারি সহযোগিতার কথাও জানান তিনি। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে তরুণ ও নারীদের হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অতীতের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের আহ্বায়ক মসিউর রহমান ও ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে যৌথ উদ্যোগে একটি শোভাযাত্রা ও সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে ডিম বিতরণ করা হয়।