ডেইলি বাংলাগ্রাম

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলনের ভোলা দক্ষিণের সেক্রেটারি বরখাস্ত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ইসলামী আন্দোলনের ভোলা দক্ষিণের সেক্রেটারি বরখাস্ত

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা চারিত্রিক স্খলনের অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। সোমবার রাতে জেলা দক্ষিণ শাখার প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আব্বাস উদ্দিনকে দায়িত্ব থেকে সরিয়ে জেলা কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা সালাউদ্দিনকে ভারপ্রাপ্ত সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনীতি ছাড়াও আব্বাস উদ্দিন স্থানীয় একটি কওমি মাদ্রাসার পরিচালক হিসেবে যুক্ত আছেন। এর আগে গত রোববার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁকে সাময়িক অব্যাহতি দিয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। ভোলা দক্ষিণ জেলা সভাপতি কামাল উদ্দিনকে ওই কমিটির প্রধান করা হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মাওলানা আব্বাস উদ্দিন। তাঁর দাবি, ভিডিওতে থাকা নারী তাঁর স্ত্রী এবং ভিডিওটি কয়েক মাস আগের। তিনি জানান, যে মুঠোফোনে এটি ছিল, সেটি সম্প্রতি চুরি হয়ে যায়। রাজনৈতিকভাবে তাঁকে হেয় করতেই একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়েছে।