ডেইলি বাংলাগ্রাম

ড. ইউনূসকে হেনস্তার চেষ্টায় সাদিক কায়েমের প্রতিবাদ, বিচারের ধীরগতি নিয়ে ক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

ড. ইউনূসকে হেনস্তার চেষ্টায় সাদিক কায়েমের প্রতিবাদ, বিচারের ধীরগতি নিয়ে ক্ষোভ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ জানান। তাঁর অভিযোগ, জুলাই গণহত্যার বিচারে অস্বাভাবিক ধীরগতি এবং সরকারের ভেতরের সমঝোতার চেষ্টার কারণেই আওয়ামী লীগের পলাতক নেটওয়ার্ক বিদেশে এমন দুঃসাহস দেখানোর সুযোগ পাচ্ছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বিগত ১৫ বছরের গুম, খুন ও জুলাই গণহত্যার বিচার ছাড়া দেশে কখনোই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচারপ্রক্রিয়ায় গড়িমসি ও দীর্ঘসূত্রতার সুযোগ নিয়ে এই গোষ্ঠী দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে। সাদিক কায়েম অবিলম্বে তাদের এই সন্ত্রাসী নেটওয়ার্কের মূলোৎপাটন করার এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

বিদেশের মাটিতে প্রধান উপদেষ্টাসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের নিরাপত্তায় সরকারের ভূমিকায় তিনি হতাশা প্রকাশ করেন। সেখানে নিয়োজিত দূতাবাসগুলোকে সক্রিয় করে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে এ ঘটনায় সরকারের কোনো কর্মকর্তার অবহেলা বা যোগসাজশ রয়েছে কি না, তা তদন্ত করে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান সাদিক কায়েম।