সাবেক ওসির বিরুদ্ধে ৭০ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক শিবির নেতার, মামলার ঘোষণা
ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসাইনের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবিরের সাবেক এক নেতা।
ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লক্ষ্মীপুর সদর মডেল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসাইনের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবিরের সাবেক এক নেতা। সোমবার লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহমান বিপ্লব। তিনি অভিযুক্ত এই পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে বিপ্লব অভিযোগ করেন, ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সকালে ওসির নির্দেশে পুলিশ তাঁর বাড়ি ভাঙচুর করে তাঁকে চোখ বেঁধে তুলে নেয়। ওসির বাসভবনে দিনভর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার পর রাতে জেলা পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিনের উপস্থিতিতে তাঁকে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এরপর রামগতির আলেকজান্ডার বেড়িবাঁধে নিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তাঁর বাবার কাছে এক কোটি টাকা দাবি করা হয়। পরে ৭০ লাখ টাকা আদায়ের পর আটটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়। তিনি আরও জানান, ২০১৬ সালে রায়পুর থানায় থাকাকালে জামায়াত নেতা কামাল উদ্দিনের কাছ থেকে পাঁচ লাখ ও সাবেক শিবির নেতা ইমরান হোসেন পরানের কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছিলেন লোকমান হোসাইন।
বর্তমানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উত্তরায় কর্মরত লোকমান হোসাইন এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, ক্রসফায়ারের ভয় দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগটি সত্য নয়। ডিবি পুলিশ বিপ্লবকে আটকের পর থানায় হস্তান্তর করেছিল এবং পুলিশ তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। একই সঙ্গে তিনি নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন।