জাপান সাগরে উত্তর কোরিয়ার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জাপান সাগরের দিকে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
জাপান সাগরের দিকে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার সকালে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের কাছের একটি এলাকা থেকে এগুলো ছোড়া হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বরাতে স্থানীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়া জানায়, স্থানীয় সময় সকাল আনুমানিক ৯টা ২০ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট) ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এগুলো আকাশে প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে। যেকোনো নতুন উৎক্ষেপণের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এ বিষয়ে তারা যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে তথ্য আদান-প্রদান করছে। এর আগে উত্তর কোরিয়া একটি অজ্ঞাত বস্তু ছুড়েছে বলে জানিয়েছিল সিউল।
এর আগে গত ৩ অক্টোবর সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সে সময় দেশটির ওনসান এলাকা থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল।