ডেইলি বাংলাগ্রাম

‘ভোট চুরি’র অভিযোগে সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের পদযাত্রা

ভারতে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী দলগুলো।

‘ভোট চুরি’র অভিযোগে সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের পদযাত্রা

ভারতে ‘ভোট চুরি’র অভিযোগ তুলে সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে বিরোধী দলগুলো। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এই কর্মসূচির নেতৃত্ব দেবেন। প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে সময় চেয়েছেন দুই শীর্ষ নেতা। এই পদযাত্রার মাধ্যমে তাঁরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) বন্ধ এবং ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি জানাবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাহুল গান্ধী জানান, দলমত, জাতি ও ধর্ম নির্বিশেষে সাধারণ নাগরিকরা এই পদযাত্রায় অংশ নেবেন। তিনি অভিযোগ করেন, শনিবার দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে তরুণদের ওপর পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা হামলা চালিয়েছে। বেঙ্গালুরুতে মল্লিকার্জুন খাড়গে জানান, প্রধান বিচারপতির কাছে তাঁরা এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিনীত অনুরোধ জানাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে দেশে অস্থিরতা তৈরির অভিযোগ করে তিনি বলেন, শনিবার রাজধানীতে প্রায় ৩২ হাজার পুলিশ এবং ৭ হাজার ৫০০ সিআরপিএফ সদস্য মোতায়েন করা হয়েছিল।

শনিবারের বিক্ষোভে বিভিন্ন এলাকা থেকে বিরোধী নেতাসহ ৭ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়। সে সময় বেশ কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল এবং চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ও জয়রাম রমেশ বিক্ষোভকারী এবং সাংবাদিকদের ওপর বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে শুক্রবার ‘ইন্ডিয়া’ জোটের নেতারা সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একই ইস্যুতে স্মারকলিপি দিয়েছিলেন।