ডেইলি বাংলাগ্রাম

পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় আহত ৯

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহ করার সময় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় ইসরায়েলি হামলায় আহত ৯

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহ করার সময় ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। শনিবার রামাল্লার উত্তর-পশ্চিমাঞ্চলের দেইর আবু মাশাল গ্রামে কৃষকদের জমিতে যেতে বাধা দিয়ে এই হামলা চালানো হয়। আহতদের মধ্যে একজন তাজা গুলিতে এবং দুজন রাবার বুলেটের আঘাতে জখম হয়েছেন। বাকি ছয়জনকে মারধর করা হয়। এছাড়া সেখানে তথ্য সংগ্রহের সময় ইসাম রিমাউই নামের এক ফটোসাংবাদিকের পায়েও রাবার বুলেট বিদ্ধ হয়।

একই দিন রামাল্লার পূর্বাঞ্চলীয় আল-মুগাইর গ্রামেও আগ্রাসন চালানো হয়েছে। সেখানে মোহাম্মদ হামেদ আবু আলিয়া নামের এক ব্যক্তির বাড়ি ঘিরে টিয়ার গ্যাস ছোড়া হলে পুরো পরিবার শ্বাসকষ্টে পড়ে। এমনকি সেখানে উদ্ধারকারী অ্যাম্বুলেন্স পৌঁছাতেও বাধা দেওয়া হয়। শনিবার সকাল থেকে রামাল্লা, আল-বিরেহ, নাবলুস, কালকিলিয়া, হেব্রন ও জেরিকো এলাকায় অন্তত ১২টি হামলার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এসব ঘটনায় কৃষকদের জমি থেকে বিতাড়ন, মারধর, সম্পদ চুরি, বাড়িঘর আক্রমণ, দেয়াল ভাঙচুর ও পথ অবরোধের নজির মিলেছে।

চলতি অক্টোবরের শুরুতে জলপাই সংগ্রহের মৌসুম শুরুর পর থেকেই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ব্যাপকভাবে বেড়েছে। চলতি ২০২৬ সালের প্রথমার্ধেই এই অঞ্চলে ৪৫ হাজারেরও বেশি গাছ ধ্বংস করা হয়েছে, যার মধ্যে ২৬ হাজারের বেশি ছিল জলপাই গাছ। বর্তমানে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরের ১৯৪টি বসতি ও ৪০০টি ফাঁড়িতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরায়েলি বসবাস করছে।