দিল্লিতে এয়ার ইন্ডিয়ার বিমান থেকে ককরোচ জনতা পার্টির তিন নেতাকর্মীকে আটক করল পুলিশ
দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর, ২০২৬) দিল্লি বিমানবন্দরে এআই ২৪২৮ নম্বর ফ্লাইটটি অবতরণের পরপরই তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। পুলিশ তাঁদের জানায়, প্রস্তাবিত ওই বিক্ষোভ কর্মসূচির কোনো অনুমতি ছিল না।
ফ্লাইটটি সকাল ৮টায় মুম্বাই থেকে ছেড়ে সকাল ১০টা ২০ মিনিটে দিল্লিতে পৌঁছায়। বিমানটি অবতরণের ঠিক আগেই সিআইএসএফের নির্দেশে পার্কিং এলাকা পরিবর্তন করা হয়। বিমান থামার পরপরই দিল্লি পুলিশ ও সিআইএসএফ সদস্যরা র্যাম্প ব্যবহার করে বিমানে ওঠেন। ওঠার আগে তাঁদের তল্লাশি করা হয়। পাইলট ৭এ, ৭বি এবং ৭সি আসনের যাত্রীদের নিজেদের পরিচয় দিতে বলার আগেই নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছান এবং তাঁদের নিজেদের হেফাজতে নেন।
এ ঘটনার পর পুরো প্রক্রিয়া নিয়ে এয়ার ইন্ডিয়া বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা ব্যুরো বা বিসিএএসের কাছে চিঠি দিয়েছে। কোন বিধিমালার আওতায় পুলিশের জন্য বিমানের দরজা খোলা হয়েছিল এবং কেন আগে থেকে বিষয়টি এয়ারলাইন্সকে জানানো হয়নি, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। পুরো ঘটনাটি এয়ারলাইন্স কর্তৃপক্ষের জন্য বিস্ময়কর ছিল। তবে এ বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।