ইতালির সিসিলিতে জোড়া টর্নেডোর আঘাত, বহু মানুষ আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি
ইতালির সিসিলি দ্বীপের পশ্চিমাঞ্চলীয় মারসালা শহরে দুটি টর্নেডো আঘাত হেনেছে।
ইতালির সিসিলি দ্বীপের পশ্চিমাঞ্চলীয় মারসালা শহরে দুটি টর্নেডো আঘাত হেনেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাবশেষ ও ভাঙা কাচের আঘাতে আহতদের মধ্যে অন্তত ১১ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ৭০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর অবস্থায় মাজারা দেল ভাল্লো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝড়ে রাস্তায় থাকা বেশ কিছু গাড়িও উল্টে যায়।
শক্তিশালী এই ঝড়ে স্থানীয় একটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সময় ভবনটির ভেতরে ২৭৩ জন শিক্ষার্থী ছিল। তাদের সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও ছয়টি শিশু সামান্য আহত হয়। ড্রোন ফুটেজে দেখা গেছে, বিদ্যালয়ের জানালা ভেঙে গেছে এবং ক্লাসরুমের টেবিল-চেয়ার উল্টে পড়েছে। শুক্রবার সকালে সমুদ্র থেকে ধেয়ে আসা দুটি জলঘূর্ণির ভিডিও ছড়িয়ে পড়ার পরই স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থান নিয়েছিলেন।
উত্তর আফ্রিকার তীব্র গরম এবং ভূমধ্যসাগরের অতিরিক্ত উষ্ণ পানির কারণে এই বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলে হারিকেনের মতো শক্তিশালী ঝড়ের প্রবণতা বাড়ছে। এর আগে ২০২৪ সালের আগস্টে ভূমধ্যসাগরের অতিরিক্ত উষ্ণতার কারণে সৃষ্ট এক ঝড়ে সিসিলি উপকূলে ‘বেয়েসিয়ান’ নামের একটি প্রমোদতরি ডুবে গিয়েছিল। ওই দুর্ঘটনায় প্রযুক্তি উদ্যোক্তা মাইক লিঞ্চ এবং তাঁর মেয়েসহ সাতজনের মৃত্যু হয়।