ডেইলি বাংলাগ্রাম

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় ৩ শিশুসহ নিহত ১১

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রুশ হামলায় ৩ শিশুসহ নিহত ১১

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। শনিবার সকালে শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে পাঁচটি গাইডেড বোমা ছোড়ে রুশ বাহিনী। এতে দুটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাপোরিঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন হতাহতের এই তথ্য নিশ্চিত করে জানান, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। দানিল পিশকিন নামের এক স্বেচ্ছাসেবী উদ্ধারকর্মী জানান, একটি পরিবারের সদস্যদের ধ্বংসস্তূপ থেকে বের করা হলেও এক কন্যাশিশুকে বাঁচানো যায়নি। ইরিনা নামের ৬৯ বছর বয়সী এক বাসিন্দা জানান, হামলার সাইরেন শুনে তিনি দ্রুত শৌচাগারে আশ্রয় নেন। তবে তাঁর ভবনের ৭৫ বছর বয়সী দুই বাসিন্দা বিস্ফোরণের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়েন এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যান।

রণাঙ্গনের কাছে হওয়ায় জাপোরিঝিয়া অঞ্চলে প্রায়ই হামলা চালায় রাশিয়া। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনজুড়ে তাদের আক্রমণ এবং বেসামরিক মানুষের মৃত্যু বাড়ছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে মিয়ামিতে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের বৈঠকের মাত্র একদিন পরেই এই ঘটনা ঘটল। চার বছরের বেশি সময় ধরে চলা এই সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চালানো কূটনৈতিক প্রচেষ্টা এখনো কোনো ফল আনতে পারেনি।