ডেইলি বাংলাগ্রাম

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়াকড়ি, ‘অঘোষিত জরুরি অবস্থা’ বললেন শশী থারুর

দিল্লিতে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া কড়া নিরাপত্তাব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ও তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর।

দিল্লিতে বিক্ষোভ ঘিরে কড়াকড়ি, ‘অঘোষিত জরুরি অবস্থা’ বললেন শশী থারুর

দিল্লিতে একটি রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি ঘিরে সরকারের নেওয়া কড়া নিরাপত্তাব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতা ও তিরুঅনন্তপুরমের সাংসদ শশী থারুর। শনিবার, ১০ অক্টোবর তিনি এই পরিস্থিতিকে তরুণ প্রজন্মের ওপর চাপিয়ে দেওয়া ‘অঘোষিত জরুরি অবস্থা’ বলে আখ্যায়িত করেন। ভোটার তালিকায় অসঙ্গতির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এই কর্মসূচির ডাক দিয়েছিল। থারুরের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে থারুর জানান, রাজধানীতে প্রতি কয়েক শ মিটার পরপর তল্লাশিচৌকি ও ব্যারিকেড বসানো হয়েছে। নিরাপত্তায় নিয়োজিত করা হয়েছে ২২ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য। এ ছাড়া ২৫০টি ট্রেন বাতিল, ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ এবং কিছু এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। থারুর বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় নাগরিকদের এভাবে আটকে রাখা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। রাজধানী অবরুদ্ধ না করে সরকারের উচিত মানুষের প্রশ্নের জবাব দেওয়া।

এদিকে যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে ৫০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর ১৫টি পুলিশ জেলা থেকে অপরাধের রেকর্ড থাকা আরও ৬০০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ও নিয়মবিধির কারণে সিজেপির এই কর্মসূচির কোনো অনুমতি দেওয়া হয়নি। নতুন দিল্লি এলাকায় এখনো নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে এবং সবাইকে তা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।