ভারতকে ‘কণ্ঠরোধ করা গণতন্ত্রে’ পরিণত করেছে মোদি সরকার: মল্লিকার্জুন খাড়গে
ভারতের নরেন্দ্র মোদি সরকার দেশটিকে ‘গণতন্ত্রের জননী’ থেকে ‘কণ্ঠরোধ করা গণতন্ত্রে’ রূপান্তর করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
ভারতের নরেন্দ্র মোদি সরকার দেশটিকে ‘গণতন্ত্রের জননী’ থেকে ‘কণ্ঠরোধ করা গণতন্ত্রে’ রূপান্তর করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শনিবার তিনি দাবি করেন, সরকারের কাছে জবাবদিহিতা চাওয়া মানুষদের নির্বিচারে আটক করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই দমনমূলক আচরণের মধ্য দিয়ে বিজেপি ও আরএসএসের ভীরুতা প্রকাশ পেয়েছে।
দিল্লির যন্তর মন্তরে একটি বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় পাঁচ শতাধিক মানুষকে আটক করে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে এই জমায়েতের উদ্যোগ নেওয়া হয়েছিল। ভোটার তালিকার নিবিড় সংশোধন এবং ভোটার নিবন্ধনের ছয় নম্বর ফর্ম সংক্রান্ত অনিয়মের অভিযোগ তুলে দলটি এই কর্মসূচির ডাক দেয়। তবে দিল্লি পুলিশ নিরাপত্তার কারণ দেখিয়ে বিক্ষোভের অনুমতি বাতিল করে এবং আন্দোলনকারীদের গতিবিধি নজরদারিতে ড্রোন ব্যবহার করে।
আটক ব্যক্তিদের মধ্যে তরুণ, শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, অধিকারকর্মী, কৃষক নেতা ও ইউটিউবার রয়েছেন বলে জানান কংগ্রেস সভাপতি। তিনি বলেন, লাঠিপেটা বা গ্রেপ্তার করে জনগণের অধিকার রক্ষার লড়াই থামানো যাবে না। সংবিধান, গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে কংগ্রেস এই দমননীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বলে তিনি ঘোষণা দেন।