দিল্লিতে সিইসির বিরুদ্ধে বিক্ষোভে পুলিশের ওপর পাথর নিক্ষেপ, আহত ২
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নয়াদিল্লিতে পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নয়াদিল্লিতে পুলিশের ওপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার (১০ অক্টোবর, ২০২৬) আকাশবাণী ভবনের কাছে ইমতিয়াজ আলী মার্গে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
কর্মকর্তারা জানান, ককরোচ জনতা পার্টির (সিজেপি) এই কর্মসূচিতে দুপুর নাগাদ ২৫ থেকে ৩০ জন বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি না থাকলেও সেখানে যাওয়ার চেষ্টা করায় পুলিশ প্রায় ৫০০ জনকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো জেলাকে ২০টি সেক্টরে ভাগ করে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। এছাড়া কনট প্লেসসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকেও বহু বিক্ষোভকারীকে আটক করা হয়।
এদিকে রাজধানীতে পৌঁছানোর পরপরই দিল্লি বিমানবন্দর থেকে সিজেপি নেতা অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ। সকাল সাড়ে ১০টায় এই বিক্ষোভ শুরু হওয়ার কথা থাকলেও নিষেধাজ্ঞার কারণে কাউকেই নির্ধারিত স্থানে পৌঁছাতে দেওয়া হয়নি। পুলিশের গাড়িতে তোলার সময় বিক্ষোভকারীরা ‘ইনকিলাব জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।