ডেইলি বাংলাগ্রাম

ভারতে স্টারলিংক চালুর অনুমোদনে বিলম্ব: আম্বানি ও মোদী সরকারকে তোপ দাগলেন ইলন মাস্ক

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ চালুর অনুমোদন পেতে দীর্ঘসূত্রতার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি মুকেশ আম্বানির কড়া সমালোচনা করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।

ভারতে স্টারলিংক চালুর অনুমোদনে বিলম্ব: আম্বানি ও মোদী সরকারকে তোপ দাগলেন ইলন মাস্ক

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ চালুর অনুমোদন পেতে দীর্ঘসূত্রতার কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শিল্পপতি মুকেশ আম্বানির কড়া সমালোচনা করেছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আম্বানিকে ব্যঙ্গ করে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ ও দেশের ‘আসল কর্তা’ বলে সম্বোধন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষকে বঞ্চিত করে নিজেদের একচেটিয়া আধিপত্য ধরে রাখতেই ভারতে স্টারলিংকের প্রবেশ আটকে দেওয়া হচ্ছে।

মাস্কের এই বক্তব্যের পর কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন, ভারত কোনো নির্দিষ্ট খাতে একচেটিয়া আধিপত্য মেনে নেয় না। তিনি জানান, স্টারলিংকের পাশাপাশি মুকেশ আম্বানির জিও এবং ভারতী সমর্থিত ওয়ানওয়েব বর্তমানে একই ধরনের ছাড়পত্রের প্রক্রিয়ায় রয়েছে। সরকার সবার জন্য রাজস্ব নীতি চূড়ান্ত করছে এবং নিরাপত্তা যাচাই চালাচ্ছে। নির্দিষ্ট ধাপগুলো সফলভাবে সম্পন্ন করার পরেই কেবল প্রতিটি সংস্থাকে কাজ শুরুর অনুমতি ও স্পেকট্রাম দেওয়া হবে।

ভারতে স্যাটেলাইট ইন্টারনেট চালুর দৌড়ে স্টারলিংক ২০২২ সাল থেকেই অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইলন মাস্কের মতে, স্টারলিংক প্রান্তিক অঞ্চলের শিক্ষা ও বাণিজ্যে বড় পরিবর্তন আনতে পারে, যা বর্তমানে প্রভাবশালী গোষ্ঠীর কারণে বাধাগ্রস্ত হচ্ছে। এ নিয়ে প্রধানমন্ত্রী মোদী বা আম্বানি কোনো সরাসরি মন্তব্য না করলেও ঘটনাটি রাজনৈতিক মহলেও আলোচনা তৈরি করেছে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে মন্তব্য প্রকাশ করেছেন।