ইরানের খামেনিকে হত্যা করা ‘ভুল’ ছিল: ইসরায়েলি বিরোধী নেতা গোলান
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের জন্য একটি ভুল পদক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়াইর গোলান।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের জন্য একটি ভুল পদক্ষেপ ছিল বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রধান ইয়াইর গোলান। তেল আবিবের দক্ষিণের রিশন লেজিওন শহরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৮৬ বছর বয়সী খামেনিকে হত্যা করার বিষয়টি ইসরায়েলের স্বার্থ রক্ষা করেনি। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুতে তিনি নিহত হন।
গোলান দাবি করেন, আলী খামেনির পর তার ছেলে মোজতবা খামেনি ক্ষমতায় আসায় ইরান এখন আরও বেশি চরমপন্থী ও সহিংস ব্যক্তিদের নিয়ন্ত্রণে চলে গেছে। একই সঙ্গে তিনি ইরানের সরকারকে পতনের ‘অবাস্তব লক্ষ্য’ নির্ধারণ করায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন। গোলান বলেন, নেতানিয়াহুর সেই লক্ষ্য এখনো বাস্তবায়িত হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় তেহরান মধ্যপ্রাচ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক তেল পরিবহন কার্যত বন্ধ করে দেয়। এর ফলে জ্বালানি তেলের বিশ্ববাজার অস্থির হয়ে ওঠে এবং আঞ্চলিক উত্তেজনা চরমে পৌঁছায়। পরবর্তীতে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় সংঘাত থামিয়ে আলোচনার পথ তৈরি করতে জুন মাসে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ওয়াশিংটন ও তেহরান।