হাসাকায় রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার সিরীয় নাগরিকের বিক্ষোভ
সিরিয়ার হাসাকা প্রদেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বিলুপ্ত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর কারাগার থেকে বন্দিদের মুক্তির দাবিতে শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
সিরিয়ার হাসাকা প্রদেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং বিলুপ্ত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর কারাগার থেকে বন্দিদের মুক্তির দাবিতে শুক্রবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। ‘সিরিয়ার পতাকার শুক্রবার’ স্লোগানে জুমার নামাজের পর শহরের কেন্দ্রীয় চত্বরে সমবেত হয়ে তারা প্রদেশজুড়ে সরকারি প্রতিষ্ঠানের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি জানান। ২০২৬ সালের ২৯ জানুয়ারি সিরিয়া সরকার ও এসডিএফের মধ্যে হওয়া একটি সমঝোতা বাস্তবায়নের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই চুক্তির আওতায় সাবেক কুর্দি স্বায়ত্তশাসিত প্রশাসনের বেসামরিক ও নিরাপত্তা কাঠামোকে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার নির্দেশ ছিল।
হাসাকার আল-আজিজিয়া, আল-নাশওয়াসহ বিভিন্ন এলাকা এবং নিকটবর্তী কয়েকটি শহর থেকে বিপুলসংখ্যক মানুষ আবু বকর আল-সিদ্দিক মসজিদের সামনে জড়ো হন। সেখান থেকে তারা সিরিয়ার জাতীয় পতাকা নিয়ে শহরের প্রধান চত্বরে মিছিল নিয়ে যান। বিক্ষোভকারীরা পিকেকে ও এসডিএফের ব্যানার-পতাকা অপসারণ করেন এবং সিরিয়ার সব সম্প্রদায়ের ঐক্য চেয়ে স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের মুক্তি, হাসাকায় দ্বৈত শাসনের অবসান এবং স্থানীয় তরুণদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীতে যোগদানের সুযোগ নিশ্চিত করা। আরব উপজাতীয় অধিকারকর্মী সোহাইব আল-ইয়ারুবি ও ইব্রাহিম আল-হালাবি এ বিক্ষোভকে ঐতিহাসিক ও শান্তিপূর্ণ বলে অভিহিত করেন।
সমাবেশ ঘিরে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই হাসাকায় সরকারি নিরাপত্তা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়। এর আগে বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ পতাকাদণ্ডে আনুষ্ঠানিকভাবে সিরিয়ার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। এছাড়া এসডিএফ সদস্যরা আদালত ভবন ত্যাগ করার পর সেখানকার নিয়ন্ত্রণ নেয় সরকারি বাহিনী। গত মঙ্গলবার এসডিএফের দলগুলো তাদের অবস্থান হস্তান্তরের পর সিরিয়ার সাধারণ গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল আব্দুল কাদের তাহান এবং বৈদেশিক গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল রহমান আল-দাব্বাগের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধি দল হাসাকা পরিদর্শন করে।