ইউক্রেনে রুশ হামলায় এক সপ্তাহে শতাধিক প্রাণহানি, জাতিসংঘের তীব্র উদ্বেগ
ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
ইউক্রেনে বেসামরিক নাগরিকদের ওপর হামলা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। গত এক সপ্তাহে সেখানে রুশ হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪২৯ জন। এসব হামলায় বিভিন্ন আবাসিক এলাকা, যাত্রীবাহী বাস এবং জরুরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি জানান, গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে রুশ হামলা নতুন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। গত তিন বছরের একই সময়ের তুলনায় চলতি বছর প্রতি মাসেই বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেশি ছিল। আসন্ন শীতের আগে বিদ্যুৎ, টেলিযোগাযোগ এবং খাদ্য সরবরাহ ব্যবস্থার মতো অবকাঠামোতে হামলা লাখ লাখ মানুষের জীবন বিপর্যস্ত করছে। পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় বাহিনীর হামলায় বেসামরিক প্রাণহানি নিয়েও উদ্বেগ জানান তিনি। তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় ৩,৮৯০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন, যার মধ্যে ৪৯৬ জন নিহত এবং ৩,৩৯৪ জন আহত হন।
এই যুদ্ধের প্রভাব দুই দেশের বাইরে গিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব বাণিজ্যে ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেন তিনি। কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলার পরিধি বেড়েছে। বন্দর, পরিবহন ব্যবস্থা ও শস্য মজুতের অবকাঠামোতে হামলার কারণে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম বাড়ছে। খালেদ খিয়ারি জোর দিয়ে বলেন, যেখানেই হোক না কেন বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বেসামরিক মানুষের ক্ষতি নতুন কোনো ধ্বংসাত্মক পর্যায়ে পৌঁছানোর আগেই এই সংঘাত থামিয়ে কূটনীতি ও আলোচনার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।