ডেইলি বাংলাগ্রাম

২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আগামী ২০২৭ সালের নভেম্বর মাসে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আগামী ২০২৭ সালের নভেম্বর মাসে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লালমনিরহাটের মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার প্রায় তিন কোটি মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

কাজের অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তিস্তা ইস্যু নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা সম্পন্ন হয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। অর্থমন্ত্রী দেশে ফিরলেই এর চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে। এই মহাপরিকল্পনার জন্য বুয়েট, সিইজিআইএস ও নদী কমিশনের পাশাপাশি চীন, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সব দিক বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করতে আরও আট থেকে নয় মাস সময় লাগবে।

পরিদর্শন করা মহেন্দ্রনগর খাল সম্পর্কে ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। এই প্রকল্পের মাধ্যমে এলাকার কয়েক হাজার মানুষ সরাসরি সেচসুবিধা পাবেন এবং খালের দুই পাশে গাছ লাগানো হবে। পরিদর্শনকালে জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাসসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।