ডেইলি বাংলাগ্রাম

নির্বাচনের ফল নস্যাতের চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

ইসরায়েলের মধ্য-বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়াইর গোলান সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনেছেন।

নির্বাচনের ফল নস্যাতের চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

ইসরায়েলের মধ্য-বামপন্থী দল ডেমোক্র্যাটসের নেতা ইয়াইর গোলান সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনী ফলাফল প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, নেতানিয়াহু বিশেষ করে আরব ভোটারদের লক্ষ্য করে ফল নস্যাতের চেষ্টা চালাচ্ছেন। এর আগে নেতানিয়াহুর দল লিকুদ কোনো প্রমাণ ছাড়াই দাবি করে, ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলো ভোট ‘চুরি’ করেছে। তারা এ বিষয়ে পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের তদন্তও দাবি করেছে।

এক বিবৃতিতে গোলান বলেন, নির্বাচনে নেতানিয়াহু বড় ধরনের গণতান্ত্রিক পরাজয়ের মুখোমুখি হয়েছেন। সাধারণ মানুষ তাঁকে প্রত্যাখ্যান করলেও তিনি ভোটারের রায় মেনে নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। এখন তিনি জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফলাফলকে অবৈধ প্রমাণের অপচেষ্টা করছেন। তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো বাস্তব সন্দেহ থাকলে তা পুরোপুরি তদন্ত হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এদিকে নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ তদন্ত করতে শিন বেতকে অনুরোধ জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। বুধবারের একটি চিঠির বরাতে জানা যায়, ইসরায়েল-বিরোধী বিদেশি শক্তির অর্থায়নের বিষয়ে এই তদন্তের কথা বলা হলেও অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। ইসরায়েলি আইন অনুযায়ী আগামী ৪ নভেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল চূড়ান্ত করার বাধ্যবাধকতা রয়েছে। তাই এই সময়ের আগেই এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।