যুদ্ধবিরতির মধ্যেই গাজায় সরকারি কার্যালয়ে ইসরায়েলি হামলা, নিহত ৪
গাজার রাফার পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় অর্থনীতি মন্ত্রণালয়ের একটি কর্মস্থলে ইসরায়েলি হামলায় চার সরকারি কর্মচারী নিহত হয়েছেন।
গাজার রাফার পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় অর্থনীতি মন্ত্রণালয়ের একটি কর্মস্থলে ইসরায়েলি হামলায় চার সরকারি কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে ছয়জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।
হামলার শিকার কর্মীরা কেরেম শালোম সীমান্ত দিয়ে গাজায় আসা পণ্যের মান পরীক্ষা এবং চোরাচালান রোধে দায়িত্ব পালন করছিলেন। সরকারি মিডিয়া অফিস এই আক্রমণকে বেসামরিক কর্মীদের ওপর একটি ভয়াবহ অপরাধ ও গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে অঞ্চলটিতে অরাজকতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই ইসরায়েল এমন পরিকল্পিত হামলা চালাচ্ছে বলে তারা উল্লেখ করে।
২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। চুক্তি লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৫৬৮ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৬৪৮ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।