দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়েছে। ফলে ভ্যাটসহ এই মানের এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত রয়েছে, তাই ক্রেতার থেকে নতুন করে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ১২ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ টাকা বাদ দিতে হবে।
এর আগে গতকাল বুধবারও (২৮ অক্টোবর) ভরিতে ২ হাজার ২১৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত মোট ১২৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৬২ বার দাম বাড়ানো হয়েছে, ৬৫ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে দাম সমন্বয় হয়েছিল মোট ৯৩ বার। এদিকে স্বর্ণের দাম বাড়লেও বাজারে রুপার দর অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।