তুরাগ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার, অভিযোগ পেলে মামলার কথা জানাল পুলিশ
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর উত্তরখানে তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক পাইলট ও কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পেলে এ বিষয়ে মামলা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারের সময় নিহতের শরীরে কোনো ধরনের আঘাত বা ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। তাঁর পকেটে পাওয়া আইফোনের সহায়তায় পরিচয় নিশ্চিত করা হয়। তাঁর পরনে সাদা পাজামা ও কালো জামা এবং হাতে একটি ঘড়ি ছিল। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। সিআইডির ক্রাইম সিন দলও ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জের নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য জানান। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুর্মিটোলা বিমানবন্দর থেকে দেশত্যাগের সময়কার ভিডিও তাহসিফ ছড়িয়ে দিয়েছিলেন বলে আলোচনা রয়েছে। তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।