ডেইলি বাংলাগ্রাম

ডিএনসিসির অনিয়ম নিয়ে প্রতিবেদনের পর এশিয়া পোস্টে সাইবার হামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঠিকাদারি ও দরপত্রের অনিয়ম নিয়ে অনুসন্ধান প্রকাশের জেরে সংবাদমাধ্যম এশিয়া পোস্টের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে।

ডিএনসিসির অনিয়ম নিয়ে প্রতিবেদনের পর এশিয়া পোস্টে সাইবার হামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঠিকাদারি ও দরপত্রের অনিয়ম নিয়ে অনুসন্ধান প্রকাশের জেরে সংবাদমাধ্যম এশিয়া পোস্টের ফেসবুক পেজে সাইবার হামলা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির তথ্যপ্রযুক্তি দলের তৎপরতায় ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের সব সংবাদ এবং ভিডিও অক্ষত রয়েছে। এ হামলার সঙ্গে ‘FX TUHIN’ নামের একটি পেজসহ বেশ কিছু ফেসবুক আইডির জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে হামলার বিষয়টি নজরে আসার পরই ব্যবস্থা নেয় এশিয়া পোস্টের প্রযুক্তি দল। এ বিষয়ে প্রতিষ্ঠানটির হেড অব নিউজ শাকিল ফারুক জানান, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এমন সাইবার আক্রমণ স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি হুমকি। ভয় দেখিয়ে দুর্নীতিবিরোধী সাংবাদিকতা থামানো যাবে না উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে ২১ অক্টোবর থেকে ‘ডিএনসিসির টেন্ডারনামা’ শিরোনামে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ শুরু করে সংবাদমাধ্যমটি। এর মধ্যে প্রথমটি ২১ অক্টোবর, দ্বিতীয়টি ২২ অক্টোবর এবং সোমবার তৃতীয় পর্বটি প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে তিন কোটি টাকার কাজ বরাদ্দ, আওয়ামী লীগ নেতাদের ২৮টি কাজ বণ্টন এবং কাজ শেষের আগেই দশ কোটি টাকার বিল পরিশোধের মতো বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরা হয়।