সার ডিলার নিয়োগে অনিয়ম তদন্তে সংসদীয় সাব-কমিটি, চুক্তি স্থগিতের সুপারিশ
সারাদেশে ইউনিয়ন পর্যায়ে নতুন সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় যেসব এলাকায় বিতর্ক রয়েছে, সেখানে চুক্তি সম্পাদন স্থগিত রাখার কঠোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
সারাদেশে ইউনিয়ন পর্যায়ে নতুন সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠায় যেসব এলাকায় বিতর্ক রয়েছে, সেখানে চুক্তি সম্পাদন স্থগিত রাখার কঠোর সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি ইতিমধ্যে সম্পন্ন হওয়া চুক্তিগুলো খতিয়ে দেখতে এবং মাঠপর্যায়ের সার ব্যবস্থাপনা পরিদর্শনে তিন সদস্যের একটি তদন্ত সাব-কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির সভাপতি মো: শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ উপস্থিত ছিলেন। প্রান্তিক কৃষকদের জন্য সাড়ে চার হাজারের বেশি নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়ায় লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলায় বড় ধরনের অসঙ্গতির অভিযোগ নিয়ে বৈঠকে আলোচনা হয়। সংসদীয় কমিটি জানায়, অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন চুক্তি বন্ধ থাকবে এবং ইতিমধ্যে হয়ে যাওয়া চুক্তিগুলোর ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সভাপতি ও মন্ত্রী উভয়েই স্পষ্ট করেন, ডিলারশিপ সম্পূর্ণ অস্থায়ী এবং ৯০ দিনের পর্যবেক্ষণকালে কোনো অনিয়ম প্রমাণিত হলে তা সরাসরি বাতিল করা হবে।
মাঠপর্যায়ে অনিয়ম ও অবৈধ মজুতদারি চিহ্নিত করতে গঠিত সাব-কমিটির আহ্বায়ক করা হয়েছে মো: মোস্তাফিজুর রহমান এমপিকে। কমিটির অন্য দুই সদস্য হলেন মো: রোকন উদ্দীন বাবুল এমপি এবং মোছা: সাবিরা সুলতানা এমপি। সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে জানানো হয়, দেশে সারের কোনো সংকট নেই। বর্তমানে সরকারি গুদামে ১৩ লাখ ৫০০ টনের বেশি সার মজুত আছে, যা গত বছরের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি।