ডেইলি বাংলাগ্রাম

এমপি নজরুলের বিরুদ্ধে দলীয় কর্মীদের হয়রানি ও আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

রাজশাহী-৫ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে নিজ দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে।

এমপি নজরুলের বিরুদ্ধে দলীয় কর্মীদের হয়রানি ও আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

রাজশাহী-৫ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে নিজ দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে রাজশাহী নগরের অলকার মোড়ের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী এসব অভিযোগ তুলে ধরেন। ‘রাজশাহী-৫ আসনের ভুক্তভোগী বিএনপির নেতাকর্মী’ ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এমপির বিভিন্ন কর্মকাণ্ডের তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি তাঁর নির্দেশে মামলা নেওয়ায় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামের প্রত্যাহারের আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে পুঠিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার সরকার আল-আমীন ও স্থানীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নবী লিখিত বক্তব্য দেন। তাঁদের অভিযোগ, এমপি নজরুল ইসলাম সম্প্রতি আওয়ামী লীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া সারের ডিলার নিয়োগ এবং সরকারি পুকুর ইজারার ক্ষেত্রে আওয়ামী লীগ ও জামায়াত-সংশ্লিষ্ট ব্যক্তিদের সুযোগ করে দিয়েছেন। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিজের পছন্দমতো কমিটি গঠন এবং উন্নয়ন তহবিলের অনিয়ম নিয়ে কথা বলায় দুর্গাপুরের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বক্তারা আরও বলেন, গত ১৩ আগস্ট ও ১১ অক্টোবরের মিথ্যা মামলায় বিএনপি নেতা-কর্মীদের জড়াতে এমপি সরাসরি প্রভাব খাটিয়েছেন।

তবে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য নজরুল ইসলাম মণ্ডল। তাঁর দাবি, সংবাদ সম্মেলন করা ব্যক্তিরা বিগত নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে ছিলেন না, বরং স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করেছিলেন। আওয়ামী লীগের ব্যক্তিদের সঙ্গে রাখা প্রসঙ্গে তিনি জানান, তাঁরা রাজনৈতিক পরিচয়ে নয়, বরং শিক্ষক হিসেবে প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলেন। এছাড়া ফেসবুকে পোস্ট বা অন্যান্য বিষয়ে কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের কিংবা পুলিশকে চাপ দেওয়ার অভিযোগও তিনি পুরোপুরি নাকচ করেন।