ডেইলি বাংলাগ্রাম

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর সাথী আক্তার (৩০) নামের এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

ময়মনসিংহের ভালুকায়  ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারীকে গ্রেপ্তার দেখাল পুলিশ

ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশের পর সাথী আক্তার (৩০) নামের এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেস মার্কেট থেকে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা আমজাদ আলীর মেয়ে সাথী আক্তার গতকাল বেলা দুইটার দিকে নিজের পার্লারে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুক লাইভ করেন। দুটি ভিডিওতে তিনি বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী হওয়ার কথা বলেন। এই ভিডিও দেখে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর দোকান ঘেরাও করে ক্ষোভ দেখান। ফলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভিডিওটিতে কোনো সরকারবিরোধী বক্তব্য পাওয়া যায়নি এবং এটি বাক্‌স্বাধীনতার মধ্যে পড়ে। তবে মার্কেটের অন্য ব্যবসায়ীদের সঙ্গে মারমুখী আচরণ করায় বিশৃঙ্খলা এড়াতে তাঁকে প্রতিরোধমূলক ধারায় আটক করা হয়। ময়মনসিংহ আদালত পরিদর্শক জানান, ১৫১ ধারা অনুযায়ী পুলিশ আমলযোগ্য অপরাধ ঠেকাতে এই পদক্ষেপ নেয় এবং জামিনের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।