সোমালিয়ায় বন্যায় প্রায় পৌনে নয় লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা
সোমালিয়ায় আগামী তিন মাসে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম।
সোমালিয়ায় আগামী তিন মাসে ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম। ড্যানিশ রিফিউজি কাউন্সিলের সঙ্গে যৌথ এক পূর্বাভাসে সংস্থাটি জানায়, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে দেশটিতে আনুমানিক ৮ লাখ ৭৪ হাজার ৩১৯ জন মানুষ গৃহহীন হতে পারেন। এসব বাস্তুচ্যুতির ৯২ শতাংশই ঘটবে বন্যার কারণে। আইওএম-এর সোমালিয়া মিশনের প্রধান ম্যানুয়েল মার্কেস পেরেইরা জানিয়েছেন, মাত্র কয়েক সপ্তাহের মধ্যে লাখ লাখ মানুষের বাড়িঘর হারানোর আশঙ্কা দেখা দিয়েছে।
এল নিনোর প্রভাবে সোমালিয়ায় এবারের বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নদীর পানি বৃদ্ধি ও ভারী বর্ষণে ইতোমধ্যে সেখানকার বিভিন্ন জনগোষ্ঠী ঝুঁকির মধ্যে পড়েছে। এই বন্যার কারণে কৃষিজমির ফসল নষ্ট, সুপেয় পানির উৎস দূষিত এবং চিকিৎসাসেবা বিঘ্নিত হতে পারে। দেশটির বেলেতওয়েন ও গালকায়ো অঞ্চল সবচেয়ে বড় হুমকির মুখে রয়েছে। এর মধ্যে বেলেতওয়েনের প্রায় ২ লাখ ২৯ হাজার এবং গালকায়োর প্রায় ৮২ হাজার মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে আছেন।
বন্যা পরিস্থিতি মোকাবিলা ও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি তহবিল চেয়েছে আইওএম। সংস্থাটি জানায়, ৫ লাখ ১৭ হাজারের বেশি মানুষকে সহায়তা দিতে তাদের ১ কোটি ৬৬ লাখ ২০ হাজার ডলার প্রয়োজন। তবে এখন পর্যন্ত প্রয়োজনীয় তহবিলের মাত্র ১৪ দশমিক ৪ শতাংশ অর্থ পাওয়া গেছে। পরিস্থিতি সামাল দিতে পূর্ব সতর্কবার্তা ব্যবস্থা জোরদার, নিরাপদ আশ্রয়কেন্দ্র তৈরি এবং বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য দ্রুত অর্থায়ন প্রয়োজন বলে জানিয়েছে সংস্থাটি।